ওমর ফারুক : লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে পূর্ব পাঁচপাড়া তা’লীমুল কুরআন রহমানিয়া মাদ্রাসা কমপ্লেক্সে হিফজুল কোরআন সমাপনী, নাজেরা শিক্ষার্থীদের সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের পূর্ব পাঁচপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদারের প্রাণবন্ত সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমুন নফস মাওলানা মুস্তাকুন্নবী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদ্রাসাটি অনেক দীন ধরে সুনামাের সাথে পাঠদান দিয়ে আসছে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও আরবি ভাষাসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন বিষয়ে অর্জিত দক্ষতা প্রদর্শন করে। বিশেষ করে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাবলীলভাবে পড়াশোনা ও কোরআন তেলাওয়াতের দক্ষতা উপস্থিত অভিভাবক ও অতিথিদের নজর কাড়ে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করছে। চলতি বছরে ১৫ জন এবং গত বছর ১৬ জন শিক্ষার্থী হিফজুল কোরআন সম্পন্ন করেছে।
এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রতিবছর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি যোগ্য ও নিবেদিত শিক্ষকদেরও পুরস্কৃত করা হয় বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।