রিয়াজ উদ্দিন রানাঃ
কুমিল্লার বরুড়ায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষে নতুন সামাজিক সংগঠন‘বরুড়া ক্লাব’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার ১৪ আগস্ট বিকেল ৪টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আমাদের একতা, বরুড়ার সফলতা’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি মাহবুব আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার **মোঃ মিজানুর রহমান ভূঁইয়া**, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ।
সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, কুমিল্লা ক্লাবের সদস্য রেজানুর রহমান রেজা, বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া ক্লাব প্রবাসী ফোরামের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল হাসান ফরহাদ, অ্যাডভোকেট শাহাব উদ্দিন এবং রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি অতিথি ও সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে বরুড়া ক্লাবের আত্মপ্রকাশ ঘোষণা করেন।
আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একজন অসহায় নারীকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বরুড়ায় বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ঝড়-বৃষ্টি, বন্যা, বিভিন্ন দুর্যোগ ও শীত মৌসুমসহ মানুষের নানা সংকটে সামাজিক সংগঠনগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
বক্তারা বলেন, সামাজিক সংগঠনগুলোকে টিকিয়ে রাখা ও আরও কার্যকর করতে প্রশাসন, সুশীল সমাজ এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন। নতুন সংগঠন বরুড়া ক্লাবও ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বরুড়া ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।