টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মায়ের কাছে ঈদের খরচের টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী এক তরুণ। নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন ওই তরুণ। সোমবার (১৭ জুন) সকাল ১১ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড খারাংখালী মহেশখালীয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে মো. আকিব উল্লাহ (১৬)। তার মায়ের কাছ থেকে ঈদ খরচের জন্য ৫ হাজার টাকা দাবি করে। মা এলম বাহার তাকে ১ হাজার টাকা দিয়ে বাকী টাকা দিতে না পারলে মায়ের সঙ্গে অভিমান করে ঈদের দিন সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত ছিলেন, এমন সময় আকিব উল্লাহ বাড়ির একপাশে গিয়ে নিজের চাকু দিয়ে নিজের পেটে দুইটি আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে।
হঠাৎ তার চিৎকারের আওয়াজ শুনে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে উখিয়া উপজেলার পালংখালী পর্যন্ত গেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে তাকে পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আত্মীয় স্বজন তাকে নিজ বাড়িতে নিয়ে আসে।
খবর পেয়ে টেকনাফ উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খোঁজখবর নেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণির নির্দেশে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।