টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুইজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধকারী একটি দল নাফ নদীতে টহল দিতে যায়। রহমানের খাল নামক স্থানে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারির দল কর্তৃক বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে।
তিনি জানান, বিজিবির টহল দল সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে বিজিবি সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির টহল দলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা ফায়ার করতে করতে নাফ নদী দিয়ে মিয়ানমার সীমান্তের ভিতরে চলে যায়। বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দুজন রামু সম্মিলিত সামরিক হাসপাতাল ও রামু সেনানিবাসে চিকিৎসাধীন রয়েছেন।