তরুণদের কাছে দলীয় বার্তা ও সাংগঠনিক কর্মকাণ্ড পৌঁছে দিতে এবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বিএনপি। বুধবার (৩ জুলাই) রাত ১২টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেখানে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে সঙ্গে থাকুন’। বিএনপির এই টিকটক অ্যাকাউন্টটি দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর পরিচালনা করবে।
দলটির তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু স্টাফ মাহফুজ কবির মুক্তা বলেন, ‘টিকটকের প্রধান ভিউয়ার হচ্ছে দেশের টিএনজাররা। তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেয়ার জন্য এ অ্যাকাউন্টটা করা হয়েছে।
বিএনপির ‘bnpbd.org’ নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এ ছাড়া দেশবাসী এবং বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের কাছে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমকেও ব্যবহার করছে দলটি। এর অংশ হিসেবে ফেসবুকে ভেরিফাইড পেজ রয়েছে বিএনপির। এর বাইরে ইউটিউবে চ্যানেল, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ চ্যানেল, গুগল প্লাস চ্যানেল এবং টেলিগ্রামে ভেরিফাইড চ্যানেল আছে দলটির।
জানা গেছে, বিএনপির মিডিয়া সেলও টিকটক অ্যাকাউন্ট (www.tiktok.com/@mediacellbnp) করেছে।
এর আগে, ২০২৩ সালের ২ জুন টিকটকে অ্যাকাউন্ট খোলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
ভোরের কাগজ